সারা বছরই কমবেশি চুল পড়ে। চুল পড়া নানা কারণে হয়ে থাকে। যেমন আবহাওয়া, দূষণ ও অযত্ন। তবে শীত এলেই অনেকের চুল পড়া বেড়ে যায়। এছাড়া শীতে মাথার ত্বকেরও নানা সমস্যা দেখা দেয়।

চুল পড়া কি স্বাভাবিক?

নির্দিষ্ট পরিমাণে চুল পড়া স্বাভাবিক। কারণ কিছু চুল পড়ে গিয়ে আবার নতুন চুল গজায়। এটা স্বাভাবিক ও প্রাকৃতিক প্রক্রিয়া। চিকিৎসকদের একাংশের মতে, দিনে ৫০-১০০টা পর্যন্ত চুল পড়া একদমই স্বাভাবিক। কখনো কখনো এর বেশি বা কম পড়তে পারে।

শীতকালে কেন বাড়ে চুল পড়ার সমস্যা

বাংলাদেশে আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ সারা বছরই খুব বেশি থাকে। গরম ও বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকে অনেক বেশি। কিন্তু শীতকাল আসার সঙ্গে সঙ্গেই এ আবহাওয়ায় সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। সে সময়ে বাতাসে আর্দ্রতার মাত্রা হঠাৎই কমে যায়। তার প্রভাব কিন্তু মানুষের ওপরেও পড়ে। যেমন ত্বক তার প্রাকৃতিক আর্দ্রতা হারাতে থাকে। স্ক্যাল্পের প্রাকৃতিক আর্দ্রতাও কমতে থাকে। স্ক্যাল্প শুষ্ক হয়ে যায়। ফলে অতিরিক্ত চুল উঠতে থাকে। এছাড়া স্ক্যাল্প শুষ্ক হয়ে যাওয়ায় নানা ইনফেকশনও হয়। তাই চুল পড়ার সমস্যা অনেকটাই বাড়ে।

চুল পড়ার অন্যান্য কারণ

  • শরীরে হরমোনের ভারসাম্যে হঠাৎ পরিবর্তনে চুল ওঠার সমস্যা হতে পারে। এজন্যই প্রেগন্যান্সি বা প্রেগন্যান্সির পর চুল পড়ার সমস্যায় ভোগেন অনেকেই। গর্ভাবস্থা, প্রসব বা মেনোপজের পরও হরমোনের তারতম্য হয়।
  • কোনো শারীরিক অসুস্থতার কারণে চুল পড়ে। স্ক্যাল্পের ইনফেকশনেও চুল পড়ে যায়।
  • দুশ্চিন্তা থেকেও চুল পড়তে পারে আপনার।
  • স্ক্যাল্প অপরিষ্কার রাখলে ও স্ক্যাল্পে কোনো ইনফেকশন হলে তা থেকেও চুল পড়তে পারে আপনার।
  • চুল পড়ার অন্যতম কারণ জিনগত হতে পারে।

কী লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি

  • দিনে ১০০-এর বেশি চুল উঠছে।
  • মাথায় হাত দিলেই চুল উঠে আসছে।
  • দলা দলা চুল উঠছে প্রতিবার।
  • চুল উঠে মাথার সামনে ফাঁকা হয়ে যাচ্ছে।
  • স্ক্যাল্পে ইনফেকশন হচ্ছে।

বাড়িতে যেভাবে যত্ন নেবেন

  • নিয়মিত স্ক্যাল্প পরিষ্কার রাখুন। মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে স্ক্যাল্প ক্লিনজিং করুন।
  • শ্যাম্পু করার পর কন্ডিশনার এবং হেয়ার সিরাম লাগাতে ভুলবেন না। নাহলে চুল আরো বেশি রুক্ষ হয়ে যাবে।
  • চুলে তেল মালিশ করুন। সপ্তাহে অন্তত তিনদিন স্ক্যাল্পে ও চুলের গোড়ায় তেল মালিশ করুন। চুলেও তেল লাগাবেন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।
  • প্রোটিন হেয়ার প্যাক লাগান সপ্তাহে একদিন।