পরস্পরের ওপর আবার হামলা করেছে ইরান ও ইসরায়েল। আজ রোববার (১৫ জুন) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এদিন ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আল জাজিরা জানায়, ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে আবারো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও এ হামলার কথা বলা হয়েছে।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের হামলায় আবার কেঁপে উঠেছে তেহরান। হরের পশ্চিমাঞ্চলের একাধিক আবাসিক এলাকায় বিস্ফোরণ ঘটেছে। ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখা গেছে।
আইডিএফের মুখপাত্র এফি ডেফরিন বলেন, আমরা এক মুহূর্তের জন্যও হামলা বন্ধ করছি না। এই মুহূর্তেও তেহরানে আমরা বিভিন্ন নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছি।
ইসরায়েল সরকারের বরাতে সিএনএন জানিয়েছে, গত দুই দিনে ইসরায়েলে ইরানের চালানো হামলায় তিন শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে হামলার প্রথম রাতে ৩ জন ও দ্বিতীয় রাতে ১০ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরো অন্তত ৩৮৫ জন, যার মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
তাদের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে রাতভর ২০০টিরও বেশি রকেট হামলার খবর পাওয়া গেছে। এসব রকেট ২২টি স্থানে আঘাত হানে।
আর ইরানের রাজধানী তেহেরানে একই সময়ে ইসরায়েলের হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে একটি আসাসিক ভবনে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ জন নিহত হয়। যার মধ্যে ২০ জনই শিশু। আহত হয়েছেন আরো ৮০০ জন।
গত কয়েক দিনের মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তেজনা আরো বেড়েছে। এই হামলাগুলো সরাসরি দুটি দেশের সামরিক স্থাপনায় আঘাত হানছে, যা মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে।















