অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশব্যাপী কারফিউ, কাঠমান্ডু উপত্যকার অস্থির পরিস্থিতি ও রানওয়েতে ঝুঁকিপূর্ণ ধোঁয়ার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর দ্য হিমালয়ান।

এই নির্দেশনার ফলে কাঠমান্ডুর একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ফ্লাইট কিংবা বেসরকারি হেলিকপ্টার উড্ডয়ন বা অবতরণ করতে পারবে না।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরো জানিয়েছে, যতক্ষণ না টিআইএ কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ততক্ষণ যাত্রীদের বিমানবন্দরে না আসতে অনুরোধ করা হচ্ছে।

গত মঙ্গলবার কাঠমান্ডু উপত্যকাজুড়ে সহিংস বিক্ষোভ বাড়তে থাকায় টিআইএ সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়। গথাটারসহ বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় বিমান নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ সব ধরনের উড্ডয়ন স্থগিত করে। এরপর থেকে নেপালি সেনাবাহিনী বিমানবন্দর এলাকায় নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করেছে।

বর্তমানে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রয়েছে, ফলে রাজধানীতে বহু যাত্রী আটকে পড়েছেন। এয়ারলাইন কর্তৃপক্ষ যাত্রীদের পরামর্শ দিয়েছে যেন তারা কেবলমাত্র সরকারি চ্যানেলের মাধ্যমে আপডেট তথ্য অনুসরণ করেন এবং পরিস্থিতির অগ্রগতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন।