গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী এ গোষ্ঠীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ মে) হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফের পরিকল্পনায় এরই মধ্যে ‘সই’ করেছে ইসরায়েল। এখন হামাসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তারা।
ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, নতুন এ প্রস্তাবে বলা হয়েছে, ৬০ দিনের যুদ্ধবিরতি ও ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিপরীতে হামাসকে দুই ধাপে ১০ জীবিত জিম্মি এবং ১৮ জিম্মির লাশ হস্তান্তর করতে হবে।
এদিকে হামাসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রস্তাবটি যুদ্ধের অবসানসহ মূল দাবিগুলো পূরণ করেনি এবং তা হলে যথাযথ প্রক্রিয়ায় সাড়া দেবে হামাস।
তবে এ প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সরকার। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মিদের পরিবারকে জানিয়েছেন, তিনি উইটকফের পরিকল্পনা মেনে নিয়েছেন।
যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় হওয়া দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত ১৮ মার্চ গাজার ওপর পূর্ণ অবরোধ আরোপ এবং হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করে ইসরায়েল। দেশটি বলছে, তারা হামাসের ওপর চাপ সৃষ্টি করতে চায়, যাতে হামাস ৫৮ জিম্মিকে মুক্তি দেয়। তাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে।















