ইরানে ইসরায়েলের হামলা চালাবে- এ তথ্য আগে থেকেই জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্র এ হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নয় বলেও দাবি করেছেন তিনি। খবর এএফপির।
এ সময় ট্রাম্প জোর দিয়ে বলেন, তেহরানকে পারমাণবিক বোমা রাখতে দেয়া যাবে না। আমরা আবারো আলোচনার টেবিলে ফিরতে চাই। দেখা যাক কী হয়।
শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে নজিরবিহীন এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি এবং দুই জন পরমাণু বিজ্ঞানী, ড. মোহাম্মদ মাহদি তেহরাঞ্চি ও ড. ফারিদুন আব্বাসি নিহত হন। ধ্বংস হয়ে গেছে দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই যুক্তরাষ্ট্রের অনুমোদন ও সমন্বয় ছাড়া সম্ভব নয়। তারা সতর্ক করে দিয়ে বলেছে, এই হামলার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।
ট্রাম্প জানিয়েছেন, গত কয়েকদিনে এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কয়েক দফা কথা বলেছেন তিনি। হামলা বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেই জানানো হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র এর অংশ হতে চায়নি।
তিনি আরো জানান, মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন উচ্চ সতর্কতায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত।
এর আগে বৃহস্পতিবার সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, যুক্তরাষ্ট্র ‘ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত নয় এবং আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল এই অঞ্চলে আমেরিকান বাহিনীকে রক্ষা করা। তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, ইরানের মার্কিন স্বার্থ বা কর্মীদের টার্গেট করা উচিত নয়।















