ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পদত্যাগ করেছেন। সোমবার (৩১ মার্চ) তিনি পদত্যাগ করেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

বর্তমান সরকারে জোটগত বিরোধের মধ্যেই পদ ছাড়লেন স্মোট্রিচ। এর মধ্য দিয়ে নেতানিয়াহুর ডান-পন্থি জোটের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়ে উঠল।

স্মোট্রিচের এক মুখপাত্র জানিয়েছেন, জাতীয়তাবাদী-ধর্মীয় ইহুদি পাওয়ার পার্টির প্রধান ইতামার বেন গাভীরের সরকারে ফিরে আসার পর আরো মন্ত্রী পদের জন্য অনুরোধের প্রতিবাদে পদত্যাগ করলেন অর্থমন্ত্রী।

স্মোট্রিচ এখন ইসরাইলের পার্লামেন্ট নেসেটে তার আসনে ফিরবেন। সেখানে তার নেতৃত্বাধীন অতি-ডানপন্থি রিলিজিয়াস জায়োনিজম দলের আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এক বিবৃতিতে রিলিজিয়াস জায়োনিজম পার্টি ওটজমা ইয়েহুদিত দলের প্রধান বেন-গভিরের বিরুদ্ধে তার, স্মোট্রিচ এবং নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ দলের মধ্যে করা রাজনৈতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

তাদের এ পদক্ষেপ ইসরায়েলের অতি-ডানপন্থি জোটের মধ্যে ক্রমবর্ধমান ভাঙনকেই তুলে ধরছে। সাম্প্রতিক মাসগুলোতে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে নিয়োগ এবং নীতিমালা নিয়ে অভ্যন্তরীণ বিভাজনের সম্মুখীন হয়েছে দেশটির ক্ষমতাসীন অতি-ডানপন্থি এই জোট।