গাজায় একটি ক্যাফে, স্কুল এবং ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলের চালানো বোমা হামলায় অন্তত ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া একটি হাসপাতালে চালানো হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদন বলছে, নিহতদের মধ্যে কমপক্ষে ৬২ জনই গাজা সিটি এবং গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা।

এতে আরো বলা হয়, সোমবার উত্তর গাজা সিটিতে সমুদ্রের তীরে অবস্থিত আল-বাকা নামে একটি ক্যাফেটেরিয়ায় ইসরায়েলি হামলায় ৩৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।

ইয়াহিয়া শরীফ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা লোকজনকে ছিন্নভিন্ন অবস্থায় পেয়েছি। জায়গাটি কোনো কিছুর সঙ্গেই সম্পর্কিত না। কোনো রাজনীতি বা কোনো সামরিক সংস্থার সঙ্গে এর সম্পর্ক নেই। জন্মদিনের পার্টিতে শিশুসহ লোকজনে এটি পরিপূর্ণ ছিল।

গাজা থেকে আল জাজিরার হানি মাহমুদ জানিয়েছেন, কোনো ধরনের সতর্কতা ছাড়াই ওই ক্যাফেতে হামলা চালানো হয়েছে।

এদিন শহরের ইয়াফা স্কুলে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। হামলার আগে সেখান থেকে প্রাণ নিয়ে ফেরা একজন বলেন, পাঁচ মিনিটের মধ্যে সেখান থেকে সরে যাওয়া হুমকি দেয়া হয়েছিল। এরপরেই সেখানে হামলা চালানো হয়।

এছাড়া গাজার মধ্যাঞ্চলে আল-আকসা হাসপাতালেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে হাজার হাজার বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছিল। হামলা থেকে বাদ যায়নি ত্রাণ বিতরণকেন্দ্রও। এদিন দক্ষিণ গাজায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।