মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে বরখাস্ত করেছেন। ইরানে মার্কিন বিমান হামলার প্রভাব নিয়ে প্রাথমিক গোয়েন্দা মূল্যায়ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষুব্ধ করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দুইজন সংশ্লিষ্ট ব্যক্তি ও হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

জুন মাসে ইরানে মার্কিন হামলার পর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে। কিন্তু ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, কর্মসূচিটি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়েছে। ট্রাম্প প্রকাশ্যে ওই গোয়েন্দা রিপোর্ট প্রত্যাখ্যান করেন।

তখন হেগসেথ সংবাদ সম্মেলনে বলেন, ‘আপনি এটাকে ধ্বংস হওয়া বলতে পারেন, পরাজিত হওয়া বলতে পারেন, নিশ্চিহ্ন হওয়া বলতে পারেন—আপনার পছন্দের শব্দটি বেছে নিন। এটি একটি ঐতিহাসিক সফল হামলা ছিল।‘ তবে তিনি এর পক্ষে কোনো সরাসরি প্রমাণ দেননি।

এই বরখাস্তের খবরটি প্রথমে ওয়াশিংটন পোস্ট প্রকাশ করে। এটি সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসনের সামরিক ও গোয়েন্দা নেতৃত্বে চলমান বড় রদবদলের সর্বশেষ পদক্ষেপ।

আগস্টের শুরুতে হতাশাজনক চাকরির রিপোর্ট প্রকাশের পর ট্রাম্প ওই বিভাগের প্রধানকেও সরিয়ে দেন। তার প্রশাসন এরইমধ্যে জলবায়ু পরিবর্তন, টিকাদান, ও লিঙ্গ পরিচয় সম্পর্কিত সরকারি তথ্যপ্রকাশও বন্ধ করেছে।

ডিআইএ প্রধানের পদচ্যুতি ছাড়াও, জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর সম্প্রতি কর্মী ও বাজেট কমানোর ঘোষণা দিয়েছে। এদিকে মার্কিন বিমানবাহিনীর প্রধান জেনারেল ডেভিড অ্যালভিন আগেভাগেই অবসরে যাওয়ার পরিকল্পনা জানিয়েছেন।

হেগসেথ ও ট্রাম্প এর আগেও একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে হঠাৎ করে অপসারণ করেছেন। এর মধ্যে আছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান এয়ার ফোর্স জেনারেল সিকিউ ব্রাউন জুনিয়র, নৌবাহিনীর প্রধান, বিমানবাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা এবং নৌবাহিনীসহ তিন বাহিনীর শীর্ষ আইন উপদেষ্টা।

এপ্রিল মাসে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির প্রধান জেনারেল টিম হফ ও ন্যাটোর সিনিয়র কর্মকর্তা ভাইস অ্যাডমিরাল শোশানা চ্যাটফিল্ডকেও সরিয়ে দেয়া হয়।

পেন্টাগন এসব বরখাস্তের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিএআই) কর্মসূচি সমর্থন করায় কয়েকজন কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে।