ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাব নিয়ে আলোচনার লক্ষ্যে কাতারে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে কাতারভিত্তিক বার্তা সংস্থা আল-জাজিরার প্রতিবেদন বলছে, নেতানিয়াহুর নির্দেশে মধ্যস্থতাকারীদের আলোচনার আমন্ত্রণ গ্রহণ করে স্থানীয় সময় রোববার কাতার যাবে দলটি। তবে যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস যে পরিবর্তনের শর্ত দিয়েছে, সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
এর আগে গত শুক্রবার রাতে হামাস জানায়, তারা ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক মনোভাব’ দেখিয়েছে এবং আলোচনার জন্য প্রস্তুত। এরপরই কাতারে এ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দিল ইসরায়েল।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে অন্তত ৫৭ হাজার ৩৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অন্তত ১ লাখ ৩৫ হাজার ৯৫৭ জন আহত হয়েছেন। ইসরায়েলি হামলার তীব্রতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা, যা এই অঞ্চলকে চরম মানবিক সংকট ও দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে।















