চীনের পূর্বাঞ্চলের এক কলেজ ক্যাম্পাসে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৮ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ২১ বছর বয়সী এক শিক্ষার্থী এ ছুরি হামলার ঘটনা ঘটিয়েছেন। খবর সিএনএন।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়িশিং শহরে অবস্থিত উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে হামলাটি ঘটে। একজন সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। আহতদের এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেয়া হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি সাম্প্রতিক সময়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। তার এই আক্রমণের পেছনে কারণ হিসেবে ‘পরীক্ষায় ব্যর্থতা, স্নাতক সনদ না পাওয়া, এবং ইন্টার্নশিপের ক্ষতিপূরণ নিয়ে অসন্তোষ'এর কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।
এই মর্মান্তিক ঘটনা চীনে সাম্প্রতিক সময়ে বেড়ে চলা একই ধরনের ঘটনার অংশ। তবে চীনে এ ধরনের হামলার ঘটনা বিরল। কারণ দেশটিতে আগ্নেয়াস্ত্র কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়।
পুলিশ জানিয়েছে, এ বছরই ওই শিক্ষার্থীর স্নাতক সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু তিনি চূড়ান্ত পরীক্ষায় পাস করতে পারেননি। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ক্ষোভ থেকে তিনি এই এলোপাতাড়ি ছুরি হামলা চালিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
মাত্রই কয়েকদিন আগে, ১১ নভেম্বর চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সেখানে একটি স্পোর্টস সেন্টারের বাইরে একটি গাড়ি মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়লে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছিল।
এ ছাড়া গত অক্টোবরে সাংহাইয়ের একটি সুপার মার্কেটে এক ব্যক্তির ছুরি হামলায় ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। তারও এক মাস আগে হংকং সীমান্তবর্তী শেনজেন শহরের একজন শিক্ষার্থী ছুরি হামলার শিকার হয়েছেন।










