উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নতুন চালু হওয়া সেতু পেরিয়ে চীনের সীমান্তবর্তী শহর ডানডংয়ে গেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। গতকাল কিমের এ সফর এমন সময়ে হলো, যখন দুই দেশের মধ্যে সংযোগ স্থাপনকারী সেতুটি আনুষ্ঠানিকভাবে চালুর এক সপ্তাহও পার হয়নি। সেতুটি নির্মাণ শেষ হওয়ার ১২ বছর পর চালু করা হয়েছে। এর মধ্য দিয়ে এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশ চীন এবং পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী উত্তর কোরিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর হওয়ার সুযোগ তৈরি হয়েছে।