গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর ৭ সদস্য নিহত হয়েছেন। তারা সবাই ইসরায়েলের ৬০৫ কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ সেনা। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর অতর্কিত হামলা বা অ্যামবুশ করে বলে দেশটির সামরিক বাহিনীর বরাতে জানিয়েছে প্যালেস্টাইন ক্রনিকল ও আল-জাজিরা।

জানা গেছে, ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দুইভাগে এ হামলা চালান। প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এরপর আহতদের উদ্ধারে আসা অন্য ইসরায়েলি সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়।

এতে লক্ষ্য করা হয় ইসরায়েলি সেনাদের সামরিক যান। এরমধ্যে একটি সাঁজোয়া যানে আগুন লাগার ঘটনা ঘটে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে, সেখানে ইসরায়েলিরা তীব্র হামলা শুরু করেছে। মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ান তারা।

পরে আহত সেনাদের পরবর্তীতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে তাদের তেলআবিবের তেল হাসোমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।