নেপালে এবার বিক্ষোভকারীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে দেশটির গণমাধ্যম। এরই মধ্যে বিক্ষোভকারীরা বৃহত্তম গণমাধ্যম প্রতিষ্ঠান কান্তিপুর পাবলিকেশনসের ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। খবর আল জাজিরা।
কান্তিপুর পাবলিকেশনসের অধীনে প্রকাশিত হয় দ্য কাঠমান্ডু পোস্ট, যা ওই ভবনেই অবস্থিত। সেখানে আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও অফিস রয়েছে।
আগুন লাগার ঘটনার পর দ্য কাঠমান্ডু পোস্টের ওয়েবসাইট অচল হয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, হামলার কারণে তাদের সার্ভার নষ্ট হয়ে গেছে, ফলে ওয়েবসাইটে সংবাদ প্রকাশ ব্যাহত হচ্ছে।
পত্রিকাটি লিখেছে—‘আমরা আমাদের সব রিপোর্টিং ও আপডেট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোয় প্রকাশ করছি। আমাদের কাজকে সমর্থন করার জন্য ধন্যবাদ।’















