ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েল তাদের সামরিক আগ্রাসন বন্ধ করলে আমরাও আর জবাব দেব না। আজ রোববার (১৫ জুন) তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় আব্বাস আরাঘচি বলেন, আমরা আত্মরক্ষা করছি। আমাদের এটা করা পুরোপুরি যুক্তিযুক্ত। এটাই তাদের (ইসরায়েল) আগ্রাসনের বিপরীতে আমাদের জবাব। যদি তারা সামরিক আগ্রাসন বা হামলা বন্ধ করে, তাহলে আমাদের জবাবও বন্ধ হয়ে যাবে।
রোববার রাতে ইসরায়েলে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এ হামলায় অন্তত ১০ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
ইরান ও কাতারের যৌথ পরিচালিত পারস্য উপসাগরের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলাকে ন্যক্কারজনক আগ্রাসন এবং অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন আরাঘচি। তিনি সতর্ক করে বলেন, সংঘাতকে পারস্য উপসাগরে টেনে আনা একটি কৌশলগত ভুল। এর উদ্দেশ্য হলো যুদ্ধকে ইরানের সীমান্তের বাইরেও ছড়িয়ে দেয়া।
তিনি অভিযোগ করে বলেন, ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনাকে বানচাল করতে চাইছে ইসরায়েল। এই আলোচনার ফলে একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল।
এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান বিশ্বাস করে না ইসরায়েলের এ হামলার সঙ্গে ওয়াশিংটনের কোনো সম্পর্ক নেই। তাদের সবুজ সংকেত ও সমর্থন ছাড়া এমন হামলা চালানোর কথা না।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের সদিচ্ছা প্রমাণ করতে চায়, তবে তাদের উচিৎ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানানো।















