জেনারেশন-জেড বিক্ষোভের জেলে উত্তাল হয়ে উঠেছে নেপাল। সরকারি অবকাঠামো, গণমাধ্যম, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবন লক্ষ্য করে হামলা ও অগ্নিসংযোগ করছে বিক্ষোভকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। সেইসঙ্গে মন্ত্রীদের নিরাপদে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী কাঠমান্ডু উপত্যকার ভৈসেপাটিতে মন্ত্রীদের বাসভবন লক্ষ্য করে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে মন্ত্রীদের হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয়। পাশাপাশি উচ্চপদস্থ মন্ত্রী ও কর্মকর্তাদের সেনা ব্যারাকে বিশেষ নিরাপত্তা দেয়া হচ্ছে।
এদিকে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। বিমানবন্দরের ওয়েবসাইটের আগমন ও প্রস্থান বোর্ডে এখন আর কোনো দেশীয় বা আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি দেখা যাচ্ছে না। সেখানে শুধু লেখা রয়েছে— এয়ারপোর্ট ক্লোজড। এর আগে জানানো হয়েছিল, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দেশীয় ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।















