গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরো ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই শতাধিক। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫৬ হাজার ২৫০ ছাড়ালো।
গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে আজ শুক্রবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ হাজার ৬৬ জন।
সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৯ জনে। আহতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন।















