গাজায় সর্বশেষ ইসরায়েলি হামলায় অন্তত ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে চলা অব্যাহত বোমা হামলায় প্রাণ হারান তারা। এছাড়া গত কয়েক দিনে অনাহারে শিশু ও বৃদ্ধসহ অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেইর আল বালাহর আল-মাঘাজি শরণার্থী শিবিরে চালানো হামলায় বহু হতাহতকে উদ্ধার করে আল-আকসা শহীদ হাসপাতালে নেয়া হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি যেসব শিশু ও বৃদ্ধ মারা গেছেন, তাদের মধ্যে অন্তত ২৯ জনের মৃত্যু ঘটেছে অনাহারে, যাকে ‌‘অনাহারজনিত মৃত্যু’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সংখ্যা ক্রমেই বাড়ছে এবং হাজারো মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য বলছে, ফিলিস্তিনজুড়ে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৭৬২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন এক লাখ ২২ হাজার ১৯৭ জন। যদিও সরকারি মিডিয়া অফিস বলছে, নিহতের এ সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। এ পরিসংখ্যানে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিখোঁজ থাকাদেরও মৃত বলে ধরে নেয়া হয়েছে।