ইরানের হামলায় বিধ্বস্ত ইসরায়েলের বাত ইয়াম শহরের একটি স্থান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইরানকে খুবই চড়া মূল্য দিতে হবে।

আজ রোববার (১৫ জুন) বাত ইয়াম শহরের একটি বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান তিনি। বলেন, আমরা অস্তিত্বের লড়াই চালাচ্ছি। আমি মনে করি এখন প্রতিটি ইসরায়েলি নাগরিক তা বুঝতে পারছে।

তিনি নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং বলেন, আমাদের হৃদয় তাদের পরিবারের সঙ্গে আছে। পাশাপাশি তিনি জনগণকে কর্মকর্তাদের দেয়া নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।

ইসরায়েলে ইরানের চালানো হামলায় এখন পর্যন্ত তিন শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে হামলার প্রথম রাতে ৩ জন ও দ্বিতীয় রাতে ১০ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরো অন্তত ৩৮৫ জন, যার মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলে রাতভর ২০০টিরও বেশি রকেট হামলার খবর পাওয়া গেছে। এসব রকেট ২২টি স্থানে আঘাত হানে।

এদিকে ইরানের রাজধানী তেহেরানে শুক্রবার ইসরায়েলের হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে একটি আসাসিক ভবনে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ জন নিহত হয়। যার মধ্যে ২০ জনই শিশু। আহত হয়েছেন আরো ৮০০ জন।