মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইসরায়েল-ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়ান, তাহলে পুরো অঞ্চল ‘জাহান্নামে পরিণত হবে’—এ হুঁশিয়ারি দিলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে। বিবিসির চিফ ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট লাইস ডুসেটকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ইরানি কূটনীতিক বলেন, তাদের দেশের ওপর যখন নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ চলছে, তখন আলোচনার কোনো সুযোগ নেই। ‘এই আগ্রাসন থামলেই কূটনীতি আমাদের প্রথম পথ হবে’, বলেন খতিবজাদে। তবে আমেরিকাকে সরাসরি সতর্ক করে তিনি বলেন, এটি আমেরিকার যুদ্ধ নয়। তবুও ট্রাম্প যদি এ যুদ্ধে যুক্ত হন, তবে ইতিহাসে তিনি এমন একজন প্রেসিডেন্ট হিসেবেই পরিচিত হবেন—যিনি এমন এক যুদ্ধে জড়িয়ে পড়লেন, যা তার নিজের ছিল না।
‘এই যুদ্ধ আমেরিকার না’, মন্তব্য করেন তিনি। খতিবজাদে বলেন, ‘তবে তারা যদি এতে জড়াতে চায়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিহাসে স্মরণীয় হবেন এমন এক যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য, যেটি তার ছিল না, বরং তাকে টেনে আনা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এটি এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। এ যুদ্ধ হবে এক স্থায়ী কাদার খানা, পুরো অঞ্চলটি জাহান্নামে পরিণত হবে।’















