প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষের পর অর্থাৎ গত ১৮ মার্চের পর থেকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অন্তত ৫ লাখ ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার (১৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় কর্মরত আমাদের মানবিক সহযোগীদের অনুমান, ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষ নতুন করে বাস্তুচ্যুত অথবা আবারো উচ্ছেদের শিকার হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজার প্রায় ৩০ শতাংশ বা এক-তৃতীয়াংশ এলাকাকে এখন একটি 'অপারেশনাল সিকিউরিটি প্যারামিটার' হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ১৮ মার্চ ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বিমান প্রায় ১ হাজার ২০০টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং ১০০টিরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ১৮ মাস ধরে চলা যুদ্ধে গাজা উপত্যকায় নারী ও শিশু মিলিয়ে ৫১ হাজার ২৫ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে গতকাল বুধবার একদিনে ইসরায়েলি হামলায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে ছয় সপ্তাহ ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মানবিক সহায়তাসামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এটাই গাজায় সবচেয়ে দীর্ঘ অবরোধ আরোপের ঘটনা।

এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ জানিয়েছেন, ইসরায়েল এখন ‘সুষ্পষ্ট নীতি’ নিয়ে এগিয়ে যাচ্ছে। আর তা হলো হামাসকে চাপে রাখার ‘হাতিয়ার’ হিসেবে গাজায় সব ধরনের মানবিক সহায়তাসামগ্রী প্রবেশ পুরোপুরি বন্ধ রাখা।