পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েল। ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সঙ্গে নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে দেশটি।

শনিবার (১৪ জুন) বেন গুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভারের বরাতে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল–জাজিরা জানায়, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় খোলার জন্য এখনো কোনো দিন বা তারিখ নির্ধারণ করা হয়নি।

বিমানবন্দর থেকে তোলা ছবিতে দেখা গেছে, চেক-ইন কাউন্টার ও লাউঞ্জগুলো ফাঁকা। বাতিল দেখানো হচ্ছে সব ফ্লাইট।

এদিকে উত্তেজনার মধ্যে সাময়িকভাবে বন্ধ রাখার পর আজ নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে সিরিয়া, জর্ডান ও লেবানন। এই তিন দেশই ইসরায়েলের প্রতিবেশী। তবে কেবল জর্ডানের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

জর্ডানের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হাইথাম মিস্তো এক বিবৃতিতে জানান, শনিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ থেকে জর্ডান তার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে।

লেবাননের পরিবহনমন্ত্রী ফায়েজ রাসামনি জানান, শনিবার সকাল ১০টা থেকে তাদের আকাশসীমাও পুনরায় চালু হয়েছে। আর সিরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও দেশটির আকাশপথ বেসামরিক বিমানের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছে।