নভেল করোনাভাইরাসের প্রকোপে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। যতই দিন যাচ্ছে, মহামারী পরিস্থিতির ততই অবনতি হচ্ছে। এর মাঝে আরো বিপজ্জনক এক তথ্য দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান মেডিকেল অফিসার ড. ব্রান্ডন মরফি। তার মতে, করোনায় আক্রান্তের সংখ্যা যা দেখানো হচ্ছে তার চেয়ে ১০ গুণ বেশি হতে পারে। পাশাপাশি তিনি মনে করেন, কভিড-১৯-এ আক্রান্ত এমন অনেকেই আছেন, যাদের এখনো পরীক্ষা হয়নি। 

মরফি বলেন, অনেক দেশে মৃত্যু এবং পরীক্ষা হার দেখে আমরা বলতে পারি, সেসব দেশে আক্রান্ত সবাইকে সঠিকভাবে শনাক্ত করা হচ্ছে না। তবে আমরা আত্মবিশ্বাসী, করোনা পরীক্ষার দিক থেকে অস্ট্রেলিয়া বিশ্বসেরা। তিনি মনে করেন, এমন অনেক দেশ আছে যেখানে প্রচুর শনাক্ত না হওয়া রোগী রয়েছে। তবে সেসব দেশের সরকারেরও এ প্রাদুর্ভাবের বিস্তার সম্পর্কে ভালো ধারণা আছে।

মরফির মতে, জনগণের মাত্র ১ শতাংশ কিংবা প্রতি এক লাখে মাত্র এক হাজার জনকে পরীক্ষা করা হচ্ছে। 

আক্রান্তের সংখ্যা গোপন করার জন্য এ সময় মরফি আঙুল তুলেছেন চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। তারা যে সংখ্যা দেখাচ্ছে, তা বিশ্বাসযোগ্য নয় বলে মনে করেন তিনি। যে কারণে প্রকৃত সংখ্যা যা দেখানো হচ্ছে তার চেয়ে ৫ থেকে ১০ গুণ বেশি হতে পারে বলে বিশ্বাস তার। পাশাপাশি তিনি এ-ও বলেন, একমাত্র অস্ট্রেলিয়ার দেখানো সংখ্যাই বিশ্বাস করার মতো।

মেইল অনলাইন