যুক্তরাষ্ট্রে কভিড আক্রান্ত প্রাপ্তবয়স্করা অসুস্থ হওয়ার আগের ১৪ দিনে আক্রান্ত না হওয়াদের প্রত্যেকের তুলনায় দুবার বেশি রেস্টুরেন্টে খেতে গিয়েছে। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।
জুলাইয়ে ৩১৪ জন প্রাপ্তবয়স্কের ওপর গবেষণা করে সম্প্রতি এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে ১৫৪ জন পজিটিভ হয় এবং ১৬০ জন নেগেটিভ। তবে এদের সবারই কিছু লক্ষণ ছিল। যুক্তরাষ্ট্রের ১০টি ভিন্ন রাজ্যে ১১টি কেন্দ্রে তাদের পরীক্ষাগুলো করা হয়।
গবেষকরা তাদের যেসব প্রশ্ন করেন তার মধ্যে একটি ছিল আক্রান্ত হওয়ার আগে তারা জিম, বার, রেস্টুরেন্টে গিয়েছে কিনা। পজিটিভ হওয়াদের ক্ষেত্রে দেখা গেছে তারা প্রায় সবাই আক্রান্ত হওয়ার আগের দুই সপ্তাহে অন্যদের তুলনায় বেশি রেস্টুরেন্টে গিয়েছে।
রেস্টুরেন্টে খাওয়ার সময় মাস্ক খুলতে হয়। এছাড়া রেস্টুরেন্টের ভেতরের বাতাস চলাচল, ভেন্টিলেশন, বাতাস প্রবাহের ঘনত্ব ভাইরাসের সংক্রমণে ভূমিকা রাখে বলে ধারণা করা হচ্ছে। তবে এ গবেষণার বেশকিছু সীমাবদ্ধতাও আছে। যেমন গবেষণায় অংশ নেয়া মানুষের সংখ্যা বেশি না। আবার রেস্টুরেন্টগুলো ইনডোর নাকি আউটডোর সেটাও আমলে নেয়া হয়নি।
সিএনএন





