করোনাভাইরাস মহামারীর কারণে এ শতকে প্রথমবারের মতো রিও ডি জেনিরোর বিশ্বখ্যাত কার্নিভ্যাল প্যারেড স্থগিত ঘোষণা করা হয়েছে। কভিড-১৯ মহামারীর কারণে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় কার্নিভ্যাল স্থগিতের ঘোষণা দেয় অনুষ্ঠানটির আয়োজনকারী সাম্বা স্কুলগুলো। কোনো ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত অনুষ্ঠানটি স্থগিত থাকবে বলেও জানানো হয়।

প্রতি বছর জাঁকালো এ কার্নিভ্যাল প্যারেডের আয়োজন করে ইনডিপেনডেন্ট লিগ অব রিও ডি জেনিরো সাম্বা স্কুলস (লাইসা)। বৃহস্পতিবার আয়োজনকারী দলের প্রেসিডেন্ট জর্জি কাস্তানহেরা বলেছেন, আমরা সিদ্ধান্তে পৌঁছেছি, অনুষ্ঠানটি স্থগিতই করতে হবে। ভ্যাকসিন ছাড়া কার্নিভ্যালের আয়োজন করা কঠিন। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়া কার্নিভ্যাল আয়োজনের কোনো উপায় নেই।

প্রতি বছর আলো ঝলমলে এ আয়োজনটি দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক সমুদ্রপাড়ের এ শহরটিতে ভিড় করে। তবে লাইসার এ ঘোষণাটি ১৩টি সাম্বা স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য। সাম্বা নাচ ছাড়াও কার্নিভ্যালে আরো অনেক ধরনের অনুষ্ঠান হয়। সেগুলোর অনুমতি দেয়া হবে কিনা তা এখনো কর্তৃপক্ষ ঘোষণা করেনি।

এর আগে একবার রিও কার্নিভ্যাল স্থগিত হয়েছিল ১৯১২ সালে পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর পর। সে সময় রিওর মেয়র কার্নিভ্যাল পার্টির জনপ্রিয় নৃত্য সংঘের লাইসেন্স দুই মাসের জন্য স্থগিত করেছিলেন।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ব্রাজিলে কভিড-১৯-এ এখন পর্যন্ত ৪৬ দশমিক ৬ লাখ মানুষ আক্রান্ত এবং প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। মহামারীতে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে প্রতিদিন গড়ে প্রায় ৩০ হাজার মানুষ আক্রান্ত এবং ৭৩৫ জন নতুন মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

আল জাজিরা