নভেল করোনাভাইরাস মোকাবেলার বৈশ্বিক লড়াইয়ে যুক্ত হলেন বিশ্বখ্যাত ইউরোপীয় গবেষণা সংস্থা সার্নের বিজ্ঞানীরা। সংস্থাটির শতাধিক গবেষক ও স্টাফ বর্তমানে কভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের নতুন নতুন উপায় খুঁজে বের করার কাজে নিয়োজিত রয়েছেন।
কণা পদার্থবিদ্যার গবেষণায় দুনিয়ার বৃহত্তম এ ল্যাবরেটরির বিজ্ঞানী, প্রকৌশলী ও টেকনিশিয়ানরা কাজ করছেন বিভিন্ন সমস্যা সমাধানে। হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন থেকে শুরু করে ওপেন-সোর্স ভেন্টিলেটরের ডিজাইন তৈরি করছেন তারা। তৈরি হয়েছে কভিড-১৯ টাস্কফোর্স। ঘনিষ্ঠভাবে কাজ করছেন বিভিন্ন স্থানীয় সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে।
এখন পর্যন্ত সার্নের কভিড-১৯ টাস্কফোর্সের প্রধান প্রকল্পটি হচ্ছে হাই এনার্জি ফিজিকস কমিউনিটি ভেন্টিলেটরের (এইচইভি) নকশা তৈরি। গ্যাসের প্রবাহ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ নকশা করেছেন সার্নের গবেষকরা। টাক্সফোর্সের প্রধান বেনইয়ামিনো ডি জিরলামো জানিয়েছেন, প্রকল্পটি সার্নের জন্যই উপযুক্ত।
গত ১ এপ্রিল এ ভেনটিলেটরের নকশা উন্মুক্ত করে টাস্কফোর্স। বর্তমানে তারা এ নকশার বিষয়ে চিকিৎসা বিজ্ঞানী ও পেশাদারদের মতামত নিচ্ছেন। জিরলামো জানিয়েছেন, সর্বোচ্চ এক মাস সময়ের মধ্যে এ ভেন্টিলেটর উৎপাদন শুরু সম্ভব হবে।
সার্নের কর্মীরা স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলোর জন্য থ্রিডি-প্রিন্টেড মাস্ক , ফেস শিল্ড ও হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন। এছাড়া নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে কাজ করা ভাইরোলজিস্টদের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং ব্যবস্থার প্রাপ্যতাও নিশ্চিত করছে সার্ন।
জিরলামো জানান, সার্নের অনেক দক্ষতা ও শক্তি রয়েছে, যা এ সঙ্কটে পৃথিবীবাসীর কাজে আসতে পারে। তারা এখন সেটাই করার চেষ্টা করছেন।
সূত্র : নেচার ম্যাগাজিন





