পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে লকডাউনের সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়েছে। এই সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান যথারীতি খোলা থাকবে আগের মতোই। স্বাভাবিক থাকবে জরুরি সেবা। তবে এখন থেকে লকডাউন চলাকালীন খোলা থাকবে মিষ্টির দোকানও। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাঙালিরা খাদ্যরসিক মানুষ। মাছ ভাতের পাশাপাশি মিষ্টিটাও দরকার বাঙালির।

অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি খোলা থাকবে মিষ্টির দোকানও। তবে মিষ্টির দোকানের জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে মিষ্টির দোকান। অবশ্য দোকান খোলা থাকলেও দোকানে বসে খাওয়া যাবে না মিষ্টি, শুধু বিক্রি করা যাবে।

পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ১০ হাজার ব্যবসায়ীর স্বাক্ষরসংবলিত একটি চিঠি পাঠানো হয় মুখ্যমন্ত্রীর কাছে। ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে মিষ্টির দোকান খোলা রাখার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর ফলে দুধের নষ্ট হওয়া হয়তো আটকানো হবে কিন্তু বাস্তবে দোকানে বিক্রি কতটা হবে, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।

তাদের দাবি, দুপুর বেলা দোকানে মানুষ মিষ্টি কিনতে আসবে বলে মনে হয় না। সেক্ষেত্রে দোকান ৪ ঘণ্টা খোলা থাকলেও তা সকালের দিকে খোলা রাখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন বলে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্ক্রল ইন