নভেল করোনাভাইরাস ডিজিজ বা কভিড-১৯-এর মধ্যেই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন। মহামারী ভাইরাসটির মধ্যে এ নির্বাচনের মাধ্যমে পূর্ব এশিয়ার দেশটি গণতন্ত্রের প্রতি নিজেদের প্রতিশ্রুতিকেই প্রমাণ করছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। খবর বিবিসি।

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইলেকশন কমিশনের (এনইসি) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৫ এপ্রিল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে কভিড-১৯-এর কারণে জনসমাগম ঠেকাতে আগাম ভোট দেয়ার সুযোগ তৈরি করা হয়। ফলে গতকাল থেকেই ভোটগ্রহণ শুরু করেছে এনইসি। গতকাল মোট ৩ হাজার ৫০০ বুথে ভোটাররা ভোট প্রদান করেছে। 

এছাড়া সংক্রমিত হয়েছেন এমন ব্যক্তিদের এবং তাদের চিকিৎসায় নিয়োজিতদের ভোট প্রদানের সুযোগ দিতে আটটি বুথ তৈরি করেছে এনইসি। রাজধানী সিউল ও ভাইরাসটির মূল প্রাদুর্ভাবস্থল দেইগুসহ অন্যান্য শহরে চিকিৎসাধীন তিন হাজার ব্যক্তি ও ৯০০ চিকিৎসাকর্মী এসব বুথের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। তবে ভোট প্রদানের আগে সব ভোটারের তাপমাত্রা পরিমাপ করা হবে। এছাড়া মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরিধান করতে হবে। 

কভিড-১৯-এর প্রাদুর্ভাব দেখা দেয়ার পর প্রথমদিকে শনাক্ত হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া। শুরু থেকেই দেশটির কঠোর নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে সংক্রমিতের সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হয়েছে দেশটি। সর্বশেষ গতকাল নতুন করে আরো ২৭ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে গতকাল পর্যন্ত দেশটিতে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৫০ জন। আর মারা গেছেন ২০৮ জন। তবে এ প্রথম দেইগু শহরে কোনো সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়নি। বিবিসি