বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা, চীনের উহানের একটি বন্যপ্রাণীর বাজার থেকেই ছড়িয়েছে নভেল করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী বন্যপ্রাণীর বাজারের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানালেন জাতিসংঘের জীববৈচিত্র্যবিষয়ক প্রধান এলিজাবেথ মারুমা মারেমা। দ্য গার্ডিয়ানকে তিনি বলেন, এমনটি করতে পারলে ভবিষ্যতে প্রাদুর্ভাব প্রতিরোধ করা সম্ভব হবে।
চীনে বন্যপ্রাণীর বাজারে ছোট ছোট খাঁচায় করে বন্যপ্রাণী বিক্রির জন্য রাখা হয়। এসবের মধ্যে বহু প্রাণীই দুর্বল কিংবা অসুস্থ অবস্থায় বাজারে নিয়ে আসা হয়, যারা রোগ ছড়ানোর উত্তম এক বাহক। অনেক বিজ্ঞানীই চীনকে এসব বাজার স্থায়ীভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।
প্রকৃতি ধ্বংস ও মানুষের নানা রোগের মধ্যে সুস্পষ্ট সম্পর্ক দেখতে পাচ্ছেন মারুমা মারেমা। নিকট অতীতে মধ্য আফ্রিকায় সৃষ্ট ইবোলা ও পূর্ব এশিয়ায় সৃষ্ট নিপাহ ভাইরাসের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘যে বার্তাটি পাচ্ছি, চীনের মতো এখন অন্য দেশও যদি জীবিত বন্যপ্রাণীর বাজার বন্ধ করে দেয়, তবে সেটাই মঙ্গল হবে।’
স্ক্রল ডট ইন





