ব্রাজিলের অ্যামাজনাস রাজ্যের মানাউস শহরে ২০ লাখ মানুষের বসবাস। সেখানকার জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশই নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে নতুন একটি গবেষণায় উঠে এসেছে। ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণে অবদান রাখতে এটাকে সুবিধাজনক অনুপাত বলছেন গবেষকরা।

মেড-আর্কাইভ নামে একটি প্রিপ্রিন্ট জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষক এস্টার সাবিনো ও তার সহকর্মীরা ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে মানাউসের ব্লাড ব্যাংকের সংগ্রহ করা ছয় হাজারের বেশি রক্তের নমুনায় কভিড-১৯-এর বিরুদ্ধে অ্যান্টিবডির সন্ধান করেছিলেন। রক্ত পরীক্ষায় করোনাভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি পাওয়াদের অনুপাত পর্যালোচনা করে গবেষকরা অনুমান করেছেন, আগস্টের শুরু নাগাদ মানাউসের ৬৬ শতাংশ মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছিল। মহামারী আঘাত হানার কয়েক মাস পর মে মাসে মানাউস সংক্রমণের শীর্ষে পৌঁছেছিল।

গবেষণাটির লেখকরা বলেছেন, রক্তদাতাদের মধ্যে অ্যান্টিবডি পাওয়ার উচ্চ অনুপাতটি ইঙ্গিত দেয় যে মানাউস সম্ভবত হার্ড ইমিউনিটিতে পৌঁছেছে।

নেচার ম্যাগাজিন