নভেল করোনাভাইরাসজনিত কভিড-১৯-এর সংক্রমণ বিশ্ববাসীর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সবচেয়ে বড় সংকট বলে সতর্ক করেছেন জাতিসংঘের (ইউএন) মহাসচিব এন্তোনিও গুতেরেস। তার মতে, এ সংকট এমন মন্দার সৃষ্টি করতে পারে, সাম্প্রতিক সময়ে যার সমতুল্য কোনো নজির নেই।

নিউইয়র্কে ইউএন সদর দপ্তরে ভাইরাস সংক্রমণের সম্ভাব্য আর্থসামজিক প্রভাব নিয়ে এক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গুতেরেস বলেন, নভেল করোনাভাইরাস সামাজিক অবকাঠামোর একেবারে কেন্দ্রে আঘাত হানছে। মানুষের জীবন তো কেড়ে নিচ্ছেই, আঘাত হানছে জীবিকার ওপরও। ইউএনের প্রতিবেদন অনুযায়ী, ভাইরাস সংক্রমণের কারণে বিশ্বজুড়ে চাকরি হারাতে পারে আড়াই কোটি মানুষ।

গুতেরেস আরো বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার পর আমাদের সামনে আসা সবচেয়ে বড় পরীক্ষার নাম কভিড-১৯। এ মহামারী দমন করতে ও এর ইতি টানতে অবিলম্বে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। দাবানলের মতো ছড়িয়ে পড়া রোগটির ভয়াবহতা থেকে বাঁচতে স্বল্পোন্নত দেশগুলোর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান গুতেরেস।

নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬০ হাজার ছুঁইছুঁই করছে। মারা গেছে ৪২ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৪ হাজারের বেশি। জন হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, গতকাল যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মারা যায় ৮৬৫ জন। পুরো দেশে কভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার। তাছাড়া যুক্তরাষ্ট্রের তিন-চতুর্থাংশ মানুষ এখন লকডাউনের আওতায় রয়েছে। অন্যদিকে ভাইরাস মোকাবেলায় আরো কঠিনতর পদক্ষেপ নিচ্ছে দেশটির বিভিন্ন রাজ্য।

বিবিসি