ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অক্সফোর্ডের কভিড টিকার অনুমোদন দিয়েছে। ফলে এই টিকা এখন ইউরোপীয় এই জোটভুক্ত দেশগুলোতে প্রয়োগের ক্ষেত্রে কোনো বাধা থাকলো না।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা যৌথভাবে উদ্ভাবিত টিকাটিসহ এ নিয়ে তিনটি টিকার অনুমোদন দিল ইইউ।
১৮ বছরের বেশি বয়সীদের মধ্যেই শুধু এই কভিড টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে ইইউ। তবে জোটভুক্ত কোনো দেশ চাইলে এই বয়সসীমা নিজেদের মতো করে নির্ধারণ করতে পারবে। যেমন, চলতি সপ্তাহের শুরুর দিকে জার্মানি বলেছে তারা ৬৫ বছরের বেশি বয়সীদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে না। এই টিকা এই বয়সের গ্রুপের ওপর কেমন প্রভাব ফেলে সে সম্পর্কিত তথ্য-উপাত্তের অভাবের উল্লেখ করেছে দেশটি।
যুক্তরাজ্যটি কয়েক সপ্তাহ ধরে চলমান বৃহৎ আকারের টিকাদান কর্মসূচিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহার করছে। জনস্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এটি নিরাপদ এবং করোনাভাইরাসের বিরুদ্ধে উচ্চসুরক্ষা দেয়।
ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) অক্সফোর্ডের ভ্যাকসিনটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বলেছে, ট্রায়ালে বেশিরভাগ অংশগ্রহণকারীর বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে ছিল। বেশি বয়সীদের মধ্যে এই ভ্যাকসিন কীভাবে কাজ করবে তা দেখানোর জন্য এখনও পর্যাপ্ত তথ্য-উপাত্ত পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি





