নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আগামী তিন মাসের মধ্যে ঋণের কিস্তি ও ক্রেডিট কার্ডের বিল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা। গৃহীত নতুন এ ধরনের পদক্ষেপ সাধারণভাবে আলোচনা সাপেক্ষ বিষয় কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুতই এ সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তটি ৯ এপ্রিল থেকে কার্যকর হতে পারে। যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি বলেছে, তবে ‘জাতীয় জরুরি অবস্থা এবং ভোক্তাদের জন্য এর গুরুত্ব বিবেচনায়’ প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব কার্যকর করা হচ্ছে।
তবে চলমান এ সংকটে যারা বিভিন্নভাবে ত্রাণ বা আর্থিক সহায়তা পাচ্ছেন তারা এ সুবিধার বাইরে থাকবেন। বিশেষ করে দেশটিতে যারা ভাড়া বাড়িতে থাকেন এবং ভোক্তা—এমন ব্যক্তিদের লক্ষ্য করে এ সুবিধা দেয়ার কথা ভাবা হচ্ছে। সেই সঙ্গে যারা করোনার প্রাদুর্ভাবের কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন তারাও এ সুবিধার অন্তর্ভুক্ত হবেন।
ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি (এফসিএ) জানিয়েছে, যেসব ভোক্তার ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করার কারণে অ্যাকাউন্ট স্থগিত করার কথা, নতুন এ নিয়ম অনুযায়ী তাদের অ্যাকাউন্ট স্থগিত করা হবে না।
একই সময়ে ঋণদাতা ব্যাংকগুলো ৫০০ ইউরো পর্যন্ত সুদ মওকুফ করে দেবে। এরই মধ্যে বার্কলে, এইচএসবিসি, লয়েডসসহ কয়েকটি ব্যাংক এর ঘোষণাও দিয়েছে।
এফসিএর প্রধান নির্বাহী ক্রিস্টোফার উলার্ড বলেছেন, ‘যুক্তরাজ্যের সব প্রান্তের ভোক্তাদের জন্য করোনাভাইরাস অভূতপূর্ব এক আর্থিক সংকট সৃষ্টি করেছে।’
তিনি আরো বলেন, ‘এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত ভোক্তারা এই সংকটকালে সাময়িক একটা আর্থিক সহায়তা পাবেন।’
ভোক্তাদের অধিকারসংশ্লিষ্ট সংগঠনগুলো ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
দ্য গার্ডিয়ান





