নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে কয়েক সপ্তাহ ধরে স্থবির হয়ে পড়েছিল পৃথিবী। তবে প্রাথমিক ধাক্কা সামলে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা শুরু করছে অনেক দেশ। কয়েকটি দেশ লকডাউন তুলে দেয়ার প্রক্রিয়াও শুরু করেছে। অস্ট্রেলিয়াও চেষ্টা করছে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার। এরই মধ্যে বন্ধ হয়ে থাকা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার যে পরিকল্পনা, সেটির বাস্তবায়ন শুরু করেছে তারা। তিন ধাপে দেশের লকডাউন তুলে দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

যার প্রথমটি শুরু হয়েছে গতকাল থেকে। প্রথম ধাপে যেসব নির্দেশনা থাকছে সেগুলো হলো ঘরে পাঁচজন অতিথি এবং বাইরে ১০ জন লোক একসঙ্গে থাকতে পারবে, রেস্টুরেন্ট, ক্যাফে ও খুচরো জিনিসপত্রের দোকান খুলে দেয়া হবে, সম্ভাব্য ক্ষেত্রে কর্মীরা বাসা থেকে কাজ শুরু করবে, ক্লাসরুম ও খেলার মাঠ খোলা হবে এবং আঞ্চলিক ভ্রমণ পুনরায় শুরু করা যাবে।

এরপর দ্বিতীয় ধাপে ২০ জন লোককে একসঙ্গে জড়ো হওয়ার অনুমতি দেয়া হবে, সিনেমা, জিম, বিউটি সেলুন এবং কমিউনিটি স্পোর্টসগুলো পুনরায় চালু করা হবে। এরপর তৃতীয় দফায় যখন সবকিছু উন্মুক্ত করা হবে তখন ১০০ জন মানুষ একসঙ্গে এক জায়গায় অবস্থান করতে পারবে।

যদিও প্রতিটি শহর-অঞ্চল নিজেদের সময়সীমা এবং সামাজিক দূরত্বের নীতি অনুসারে সবকিছু খুলে দেয়ার এই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

লকডাউন তুলে দেয়ার ব্যাপারে মরিসন বলেন, এখানে প্রাদুর্ভাব থাকবে, আক্রান্তের সংখ্যাও আরো সামনে আসবে। সবকিছু পরিকল্পনা অনুসারে হবে এমন না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য বারবার সতর্ক করে বলছেন, পুরোপুরি নিরাপদ না হয়ে যেন লকডাউন না তোলা হয়।

বিবিসি