করোনাভাইরাস সংক্রমণ বিস্তার ঠেকাতে লড়াই করছে ভারত। কয়েকটি স্থানে সংক্রমণ কমে আসায় সেগুলোকে ‘সফল প্রচেষ্টা মডেল’ হিসেবে তুলে ধরা হয়েছে। এর মধ্যে আবার এগুলো উদযাপন ও অনুসরণ করা শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন অকাল উদযাপন বিপজ্জনক হতে পারে।
তাজমহলের শহর আগ্রায় মার্চ মাসের প্রথম দিকে করোনাভাইরাস শনাক্ত হয় এবং এটি ভারতের করোন আক্রান্ত প্রথম শহরগুলোর একটি। করোনা শনাক্ত হওয়ার পর ভাইরাসটির বিস্তার আবার কমেও আসে এবং এভাবেই জন্মলাভ করে ‘আগ্রা মডেল’। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে হ্যাশট্যাগ ছড়িয়ে যায়, সরকার এর প্রশংসায় পঞ্চমুখ এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তার এ সাফল্যের কৃতিত্ব দেয়া হয়েছিল। কিন্তু দ্রুতই পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। এপ্রিল মাসের শুরুতেই ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যায় এবং প্রাথমিক সাফল্যের খামতিগুলো উন্মোচিত হতে শুরু করে। শহরটিতে এখন ৬০০ জনেরও বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা রাজ্যের অন্য যেকোনো শহরের চেয়ে বেশি।
বিশিষ্ট ভাইরোলজিস্ট ডা. শহীদ জামিল বলেন, এটা কেবল প্রারম্ভিক উদযাপনের ‘ভয়াবহ ঝুঁকি’র বিষয়টি প্রমাণ করতে চলেছে। এ ধরনের উদযাপন মানুষের সচেতনতামূলক কার্যক্রমকে শিথিল করে দেয় এবং এটা বিপদ ডেকে আনতে পারে।
বিবিসি





