বিশ্বের প্রাচীনতম পেশার একটি হলো দেহ ব্যবসা। বিভিন্ন আর্থিক মন্দার সময়েও এ পেশা জীবিকা উপার্জনের ভালো উপায় হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। অতিমাত্রায় সংক্রামক নভেল করোনাভাইরাসের কারণে বর্তমানে এ ব্যবসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে ভাটা পড়েছে দেহ ব্যবসায়। আগের যেকোনো সময়ের তুলনায় করোনার কারণে বর্তমানেই সবচেয়ে সংকটে রয়েছেন যৌনকর্মীরা।
যুক্তরাষ্ট্রের প্রায় ১০ লাখ যৌনকর্মীর একজন ব্রুনো (ছদ্মনাম)। তিনি বলেন, করোনা অতিমারীর কারণে গত এক মাস তিনি কাজ বন্ধ রেখেছেন। দুই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় এ পেশায় নামেন তিনি। কারণ অনেক খুঁজেও এমন কোনো চাকরি পাচ্ছিলেন না যেখানে ভালো বেতন পাওয়া যায়। লস অ্যাঞ্জেলসে একটু সচ্ছলভাবে বেঁচে থাকার লক্ষ্যে শেষ পর্যন্ত দেহ ব্যবসাকেই পেশা হিসেবে বেছে নেন তিনি।
কিন্তু এখন এ পেশাতেই চলছে আকাল। ব্রুনো জানান, করোনার কারণে লকডাউন পরিস্থিতিতে বেশির ভাগ মানুষই এখন ঘরে থাকে। এ কারণে তার সেবার চাহিদাও কমে গেছে অনেকখানি। একদিকে এক মাস ধরে তার কোনো আয় নেই, অন্যদিকে সঞ্চয়ও বলতে গেলে প্রায় শেষ। দুঃখের বিষয় হলো, চাকরি হারানো অন্যদের মতো সরকারি ভাতার জন্য আবেদনও করতে পারবেন না তিনি। এ কারণে ঝুঁকি রয়েছে জেনেও আবার কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ব্রুনো।
তিনি বলেন, ‘আমাকে ঝুঁকিটা নিতেই হবে। কারণ কেবল এর মাধ্যমেই আমি উপার্জন করতে পারি। আমাদের সেবার চাহিদা প্রায় ৮০ শতাংশ কমে গেছে। কিন্তু এখনো কিছু গ্রাহক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।’
ব্রুনো না হয় পেটের তাগিদে ঝুঁকি নিচ্ছেন। কিন্তু তার গ্রাহকরা? বিষয়টি ব্রুনোকেও অবাক করেছে। তিনি বলেন, ‘আমি আসলেই অবাক, এ সংক্রমণের মধ্যে মানুষ বিপদকে আলিঙ্গন করছে।’
এএফপি





