নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় নিজের বেতন কমানোর ঘোষণা দিয়েছেন মালাউইর প্রেসিডেন্ট পিটার মুথারিকা। একই সঙ্গে তার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেতনও কমানো হচ্ছে। গত শনিবার তিনি এ ঘোষণা দেন।
এক বিবৃতিতে মুথারিকা জানান, তিনি তিন মাসের জন্য নিজের ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমানোর ব্যাপারে রাজস্ব বিভাগকে নির্দেশ দিয়েছেন। তাদের বেতন থেকে কেটে নেয়া অংশ নভেল করোনাভাইরাস মোকাবেলায় ব্যয় করা হবে।
নভেল করোনাভাইরাস মোকাবেলায় মালাউইতে নতুন শনাক্তকরণ কেন্দ্র স্থাপন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত দুই হাজার জনবল নিয়োগেরও ঘোষণা দিয়েছেন মুথারিকা। তিনি বলেন, এ লড়াইয়ে আমাদের আরো যোদ্ধা ও জনবল দরকার।
প্রসঙ্গত, মালাউই পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটি। বিশ্বব্যাংকের হিসাবে ১ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশটিতে অর্ধেকের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে।
নভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় গত ২৩ মার্চ মালাউইতে জরুরি অবস্থা জারি করেন মুথারিকা। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পূর্ব আফ্রিকার দেশটিতে এ পর্যন্ত চারজনের শরীরে নভেল করোনাভাইরাস ধরা পড়েছে।
এএফপি





