জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বলেছেন, করোনাভাইরাস মহামারীর কারণে পিছিয়ে যাওয়ার পর জাপান ২০২১ সালে টোকিও অলিম্পিকের আয়োজন করতে বদ্ধপরিকর। মূলত এ বছরের গ্রীষ্মে গেমসটি আয়োজনের কথা ছিল। তবে গত মার্চে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও জাপান সরকার এ আয়োজনকে এক বছর পিছিয়ে দেয়।
জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে প্রথম বক্তৃতায় সুগা বলেন, আগামী বছরের গ্রীষ্মে টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের আয়োজন করতে আমরা দৃঢ়প্রত্যয়ী। এর মাধ্যমে আমরা প্রমাণ করে দিতে চাই, মানবতা মহামারীকে পরাজিত করেছে। নিরাপদ ও সুরক্ষিত গেমসে আপনাদের স্বাগত জানাতে আমি চেষ্টার কোনো কমতি রাখব না।
স্বাস্থ্যগত কারণে শিনজো আবে হঠাৎ পদত্যাগের পর এ মাসেই সুগা জাপানের প্রধানমন্ত্রী হয়েছেন। শুক্রবার টোকিও অলিম্পিকের আয়োজকরা মহামারীর মধ্যে অলিম্পিক আয়োজন পরিকল্পনার অংশ হিসেবে গেমসে কর্মীদের সংখ্যা হ্রাস এবং প্রশিক্ষণের জায়গাগুলোর উদ্বোধনের সময়কাল হ্রাস করার প্রস্তাব করেছেন।
সুগা জাতিসংঘের অধিবেশনে বলেন, কোনো পূর্বশর্ত ছাড়াই আমি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত। গঠনমূলক সম্পর্ক স্থাপনে জাপান ও উত্তর কোরিয়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা রাখবে।
রেকর্ড করা ভিডিও বার্তায় সুগা বলেন, জাপান উন্নয়নশীল দেশগুলোর মানুষের জন্য করোনাভাইরাস চিকিৎসা ও ভ্যাকসিনের সুষ্ঠু প্রাপ্যতা নিশ্চিত করতে কাজ করবে। মহামারীতে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার জন্য জাপান ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বলেও জানান তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস





