নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছিল উহান থেকে। চীনের এই জায়গাটিতে তাণ্ডব চালিয়ে দ্রুততম সময়ের মধ্যে এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। তবে করোনার প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে উহান। তবে এখনো পুরোপুরি নিরাপদ বলা যাচ্ছে না শহরটিকে। কিছুদিনের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা থাকলেও উহানবাসীদের আপাতত ঘরে থাকতে এবং সতর্ক দৃষ্টি রাখতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে।

দ্বিতীয়বারের মতো সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে জনগণকে সতর্ক থাকার এ বার্তা দিয়েছেন শহরের দায়িত্বশীল কর্তাব্যক্তিরা। মূলত বাইরে থেকে আসা লোকজনের মাধ্যমে ফের করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।

উহানে অবশ্য গত কয়েক সপ্তাহে বিধিনিষেধ বেশ শিথিল করা হয়েছে। এর মাঝে জানানো হয়েছে ৮ এপ্রিল থেকে উহানের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞাও তুলে দেয়া হবে।

এদিকে আজ মহামারীর বিরুদ্ধে লড়াই করে যারা ‘শহীদ’ হয়েছেন তাদের জন্য শোক পালন করবে চীন। জিনহুয়া নিউজ এজেন্সি সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা থেকে ৩ মিনিটের জন্য নীরবতা পালন করবে সারা দেশ। পাশাপাশি এ সময়ের এদিন দেশটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখা হবে।

উল্লেখ্য, করোনার প্রথম শিকার চীনে গতকাল পর্যন্ত ৮১,৬২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মাঝে মৃত্যুবরণ করেছেন ৩,৩২২ জন। প্রথম আক্রান্ত দেশ হলেও চীনে করোনার ভয়াবহতা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর তুলনায় বেশ কম। বিশেষ করে মৃত্যুর হারের দিক থেকে চীনের অবস্থা অন্যদের চেয়ে ভালো। যদিও অনেকে অভিযোগ করছে, চীন হয়তো সঠিক তথ্য গোপন করেছে। এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে চীন সরকার। দ্য গার্ডিয়ান