নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ভয়াবহ এক সংকটকাল পার করছে মানবসমাজ। বিশ্বের প্রায় সব দেশে আঘাত হেনেছে মরণঘাতী ভাইরাসটি। তবে কেবল মানুষের মাঝেই নয়, করোনায় আক্রান্ত হতে শুরু করেছে প্রাণিজগতের বাসিন্দারাও। এর আগে পোষা কুকুর-বিড়ালের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসার পর এবার জানা গেছে চিড়িয়াখানার বাঘও সংক্রমিত হয়েছে এ ভাইরাসে।

যুক্তরাস্ট্রের নিউইয়র্ক সিটিতে ব্রোনক্স নামের একটি চিড়িয়াখানার বাঘের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। যুক্তরাষ্ট্রে কোনো প্রাণীর করোনায় আক্রান্ত হওয়ার এটিই প্রথম ঘটনা। নাদিয়া নামের এ বাঘটি ছাড়া আরো একাধিক বড় বিড়াল প্রজাতির প্রাণী শ্বাসযন্ত্রের অসুস্থতায় ভুগছিল বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

তবে আক্রান্ত বাঘটির মাঝে গত মাসের শেষ দিকে শুকনো কাশিসহ নানা ধরনের উপসর্গ দেখা যাচ্ছিল। মূলত শনাক্ত না হওয়া করোনা আক্রান্ত একজন কর্মীর সংস্পর্শে আসার পর সংক্রমিত হয় বাঘটি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, ভাইরাসটি কীভাবে বাঘ ও সিংহের মতো প্রাণীকে সংক্রমিত করে তা জানা যায়নি। একেক প্রজাতির প্রাণী এ ভাইরাসে একেকভাবে সাড়া দিচ্ছে। কিন্তু সব ধরনের প্রাণীদের গভীর পর্যবেক্ষণে রেখেছে তারা।

এদিকে প্রধান পশুচিকিৎসক পল কালে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এটা আমাদের জানা মতে, প্রথমবারের মতো কোনো মানুষ সংক্রমিত হওয়ার পর তার কাছ থেকে প্রাণীর আক্রান্ত হওয়ার ঘটনা।

ডববিসি