বিশ্বব্যাপী ভেন্টিলেটর নিয়ে হাহাকার চলছে। যুক্তরাষ্ট্রের মতো দেশেও সব মিলিয়ে ভেন্টিলেটর আছে ১ লাখ ৬০ হাজারের মতো। যা প্রয়োজনের তুলনায় বেশ কম। মেডিকেল সাপ্লাই চেইনের দুর্বলতাকেই যা সামনে নিয়ে এসেছে। এর মাঝে একটি ভেন্টিলেটর একাধিক রোগীকে দেয়ার কথাও শোনা যাচ্ছে। নিউইয়র্ক সিটিতে বিভিন্ন হাসপাতাল এ কাজটি করায় অনেক মেডিকেল বিশেষজ্ঞ এর সমালোচনাও করেছেন।

এদিকে এমন সংকটময় পরিস্থিতিতে কম খরচে ভেন্টিলেটর তৈরির উদ্যোগ নিয়েছেন ইউনিভার্সিটি অব ফ্লোরিডার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও অ্যানেস্থেসিওলজির প্রফেসর স্যামসান লামপোটাংগ। যেটি তৈরি করতে সময় লাগবে ৫ ঘণ্টারও কম এবং খরচ পড়বে ২৫০ মার্কিন ডলারের মতো। সব মিলিয়ে অন্যান্য কোম্পানির ভেন্টিলেটরের চেয়ে এটি কম সময়ে ও কম খরচে তৈরি করা যাবে।

অবশ্য এটি তৈরি করার পর পরই ব্যবহার করা যাচ্ছে না। প্রথমে ভেন্টিলেটরকে অবশ্যই কৃত্রিম ফুসফুসে একটানা তিন সপ্তাহ পরীক্ষা করে দেখতে হবে। সাধারণত একজন রোগীকে তিন সপ্তাহ ভেন্টিলেটরে রাখার প্রয়োজন হয়। এভাবে মানবদেহে ভেন্টিলেটরটি উপযোগী কিনা তা দেখা হবে। তবে প্রাথমিকভাবে এ পদ্ধতি আশা জাগানিয়া বলেও জানা গেছে। ল্যাম্পোটাংও বলেছেন, এখন পর্যন্ত ডাক্তারদের কাছ থেকে অনেক অনুরোধ পেয়েছেন তিনি।

ন্যাশনাল জিওগ্রাফিক