করোনাভাইরাস মহামারীর কারণে সবকিছুর মতো ফ্যাশন শোর কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। কিন্তু দুনিয়ায় কি ফ্যাশনের প্রয়োজন শেষ হয়ে গেছে? কোনো পরিস্থিতিতে কি মুখ লুকিয়ে রাখা গ্রহণযোগ্য? আর সীমাবদ্ধ জীবনে কি আমাদের নতুন পোশাকের দরকার নেই? তাহলে ১ দশমিক ১ ট্রিলিয়ন মূল্যমানের এবং বিশ্বজুড়ে ৪৩০ মিলিয়ন কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা করা এমন একটি বৈশ্বিক শিল্পের ভবিষ্যৎ কী হতে পারে?
বর্তমানে ফ্যাশন শোর মৌসুম হলেও সপ্তাহান্তে কোনো শো নেই। তবে ব্লকবাস্টার ক্যাটওয়াকগুলো বন্ধ থাকলেও ছোট শোগুলো ও ডিজিটাল মাধ্যমে কিছু শো চলছে। ডিজাইনারদের সঙ্গে জুম কলের মাধ্যমে কিছু কাজ এগিয়ে নেয়ার সিদ্ধান্ত হচ্ছে। এমন পরিস্থিতি ডিজাইনারদের আরো সৃজনশীল ও কৌশলী হতে বাধ্য করেছে।
মিশেল ওবামার প্রিয় ডিজাইনার জেসন উও ডাউনটাউনের ছাদে ক্যাটওয়াক দিয়ে নিউইয়র্কের ফ্যাশন উইক উদ্বোধন করবেন। যদিও সেখানে সামাজিক দূরত্ব পালনের সঙ্গে দর্শকসংখ্যা ৩০ জনের বেশি হবে না। জেসনের মতো নিউইয়র্কের খুব কম সংখ্যক ডিজাইনার ক্যাটওয়াকের এমন পদ্ধতি বেছে নিয়েছেন। বেশির ভাগই তারা অনলাইনের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাচ্ছেন। তবে লন্ডনের ফ্যাশন সপ্তাহে অংশ নেয়া ৮০ জন ডিজাইনারের মধ্যে মলি গডার্ড ও ভিক্টোরিয়া বেকহ্যামসহ প্রায় এক-তৃতীয়াংশ ডিজাইনার লাইভ ইভেন্ট বেছে নিয়েছেন।
ইতালিয়ান ফ্যাশন কাউন্সিলের সভাপতি কার্লো ক্যাপাসা এ সপ্তাহে বলেছেন, মিলান এখন সাহসিকতার পরিচয় দিচ্ছে এবং এখানকার বেশির ভাগ ফ্যাশন সপ্তাহ অনুষ্ঠিত হবে। সেখানে ভার্সেস, ফেন্ডি ও ডলসে অ্যান্ড গাব্বানাসহ বিভিন্ন ব্র্যান্ডের ২৩টি ক্যাটওয়াক শো হবে।
এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে প্যারিস ফ্যাশন সপ্তাহের পরিকল্পনা অনিশ্চিত হয়ে আছে। এ সপ্তাহে একটি প্যানেলে কথা বলতে গিয়ে বিলাসবহুল পণ্যের ফরাসি সংস্থা লুই ভিতোঁর এক্সিকিউটিভ অ্যান্টোইন আরনল্ট ফ্যাশন শোর থমকে থাকাকে একটি বিরতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এটা একেবারে শেষ হয়ে যায়নি।
নিউইয়র্ক ফ্যাশন সপ্তাহে জিমারম্যান ব্র্যান্ডের জন্য ক্যাটওয়াক করার প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়ান ডিজাইনার নিকি জিমারম্যান। তিনি বলেছেন, একটি শো দিয়ে কেবল কক্ষে থাকা মানুষের উত্তেজনা অনুভব করা যায়। কিন্তু আমরা অনেক বেশি দর্শকদের জন্য সৃজনশীলভাবে আরো কিছু করতে পারি। আশা করছি, আমরা দর্শকদের আবেগময় এক যাত্রায় শামিল করতে পারব এবং সে যাত্রা হবে অনেকটা সিনেমাটিক।
অনেকে লকডাউনের এ মুহূর্তটিকে এ শিল্পের জন্য বিরতি হিসেবে ব্যবহার করছেন। কারণ করোনাপূর্ব সময়ে সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। লন্ডনের ফ্যাশন উইক শোর জন্য ডিজাইনার পারিয়া ফরজানাহ ভিন্ন রকম এক অভিজ্ঞতা দেয়ার জন্য অতিথিদের বাকিংহামশায়ারের একটি খামারে আমন্ত্রণ জানাচ্ছেন। তিনি বলেন, আমি কংক্রিটের জঙ্গল থেকে পালাতে চাই এবং ফ্যাশন দর্শকদের ভিন্ন রকম একটি অভিজ্ঞতা দিতে চাই। আমরা যদি খুব বেশি সময়ের জন্য একটি মাত্র অভিজ্ঞতার মধ্যে আটকে থাকি, তবে আমরা পরিষ্কারভাবে দেখার ক্ষমতা হারাব।
গার্ডিয়ান





