নভেল করোনাভাইরাসের প্রকোপে ভয়ংকর এক সময় পার করছে পৃথিবী। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নানামুখী সংকটও। বিশ্বব্যাপী প্রতিনিয়ত বাড়ছে বেকারের সংখ্যা। সেই সঙ্গে দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের জীবিকা নির্বাহ করাও কঠিন হয়ে পড়েছে। অবশ্য এরই মধ্যে করোনাকালে সংকট নিরসনে হাত বাড়িয়ে দিয়েছে অনেকেই। যে তালিকায় এবার নাম লিখিয়েছে জনপ্রিয় মোবাইল ভিডিও অ্যাপ প্রতিষ্ঠান টিকটক। বৃহস্পতিবার তারা করোনা মোকাবেলায় ত্রাণ তহবিলে ২৫০ মিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতির কথা জানিয়েছে।
টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ফান্ড মূলত সামনে থেকে লড়াই করা চিকিৎসা কর্মী, ডাক্তার ও করোনায় সরাসরি ক্ষতিগ্রস্তদের জন্য ব্যবহার করা হবে। এর আগে গুগল, ফেসবুক ও নেটফ্লিক্সের পাশাপাশি মাইক্রোসফট, অ্যামাজন এবং টুইটারের মতো টেকনোলজি জায়ান্টরাও একই রকম উদ্যোগ গ্রহণের ঘোষণা দেয়।
টিকটক প্রেসিডেন্ট অ্যালেক্স জহু বলেন, পারস্পরিক সমর্থন ও বৈশ্বিক সহমর্মিতা প্রদর্শনের অংশ হিসেবে আমরা নিজেদের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি তিনি জানান, তাদের প্রদানকৃত অর্থ এ দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ব্যবহার করা হবে।
এএফপি





