পাঁচটি মানদণ্ড পূরণ না করা পর্যন্ত দেশগুলোর করোনাভাইরাস লকডাউন শিথিল করা উচিত নয় বলে নতুন একটি সমীক্ষায় উঠে এসেছে। গত বৃহস্পতিবার দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত সমীক্ষাটিতে বলা হয়েছে, লকডাউন শিথিলের পূর্বশর্তগুলো হলো সংক্রমণের স্থিতি, সম্প্রদায়ের সংযুক্তি, পর্যাপ্ত জনস্বাস্থ্য ক্ষমতা, পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থার ক্ষমতা ও সীমান্ত নিয়ন্ত্রণ সম্পর্কে জ্ঞান।

গবেষকরা দেখেছেন হংকং, জাপান, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নরওয়ে, স্পেন ও যুক্তরাজ্য—এ নয়টি উচ্চ আয়ের দেশ ও অঞ্চল নিষেধাজ্ঞাগুলো শিথিল করতে শুরু করেছে। তারা খুঁজে পেয়েছেন সংক্রমণের দ্বিতীয় ঝড় এড়াতে স্পেন, জার্মানি, যুক্তরাজ্যের মতো অনেক দেশের সরকার প্রয়োজনীয় মানদণ্ডগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছিল।

গবেষণাটিতে আরো দেখা গেছে, নিরাপদে পুনরায় সবকিছু খুলে দেয়ার জন্য কার্যকর অনুসন্ধান, পরীক্ষা, ট্রেস, আইসোলেশন ও সহায়তা ব্যবস্থার প্রয়োজন। কোনো দেশই এটা নিখুঁতভাবে করেনি, বিশেষত ইংল্যান্ড এটা খারাপভাবে করেছে।

গবেষকরা বলেছেন, মহামারীবিদ্যা এবং বিধিনিষেধের সামাজিক ও অর্থনৈতিক পরিণতির সংমিশ্রণে লকডাউন শিথিল করার বিষয়ে দেশগুলোর সিদ্ধান্ত নেয়া উচিত। কৌশল যেটাই হোক না কেন, সরকারগুলোকে তাদের লক্ষ্যগুলোর বিষয়ে সুস্পষ্ট হওয়া, সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা এবং গৃহীত পদক্ষেপগুলো একটি সামগ্রিক কৌশলের অংশ হওয়া উচিত।

অনেক দেশই এখন সংক্রমণের দ্বিতীয় ঝড়ের মুখোমুখি হয়েছে। তবে গবেষকরা বলছেন, এ বিষয়গুলো প্রয়োগ করতে এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। সংক্রমণের সবচেয়ে খারাপ পরিস্থিতির বিষয়ে দেশগুলোর পরিকল্পনা ও প্রস্তুতি নেয়া উচিত।

সিএনএন