এ দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা যাদের আমরা সিএসএমই বলি তারা আমাদের বড় সম্ভাবনার ধারক। করোনাকালে সিএমএসএমই উদ্যোক্তারাই এ বৃহৎ জনগোষ্ঠীর পাশে থেকে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর প্রাপ্যতা নিশ্চিত করেছে। প্রায় ৮০ লাখ ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা এ দেশের অর্থনীতির সবচেয়ে বড় প্রভাবক আর এটাই আমাদের শক্তির জায়গা।
চলমান চতুর্থ শিল্প বিপ্লবের সময়ে প্রযুক্তি ব্যবহার এ উদ্যোক্তাদের টেকসই অবস্থান নিশ্চিত করে তাদের গুরুত্ব বহুগুণে বাড়াতে পারে। আশার কথা হচ্ছে, প্রযুক্তির ব্যবহারে এ দেশে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ক্রমান্বয়ে বাড়ছে। আইপিডিসি ফাইন্যান্স আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশের ভ্যালু চেইন পার্টনার এবং সারা দেশে ছড়িয়ে থাকা রিটেইলারদের অর্থায়ন করে আসছে। উদ্যোক্তারা আমাদের সহজ এবং সুলভ অর্থায়নকে অত্যন্ত সাদরে গ্রহণ করেছেন।
আমরা আমাদের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশে সর্বোচ্চ চেষ্টা নিয়ে কাজ করে যেতে চাই। বর্তমানে নিম্ন মধ্যবিত্ত গ্রাহকদের সংখ্যা সবচেয়ে বেশি। তাদের অধিকাংশই সেভাবে আর্থিক সেবার আওতায় এখনো আসেননি। ফলে বিপুল পরিমাণ এ জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার মাধ্যমে এনবিএফআইগুলোর ঋণ পোর্টফোলিওকে আরো বিস্তৃত করার বড় ধরনের সুযোগ রয়েছে।





