২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি। নতুন অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৯৪ হাজার ৭১০ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের তুলনায় ৬ হাজার ৫৪৭ কোটি টাকা বেশি। ২০২৩-২৪ অর্থবছরে শিক্ষা খাতে বাজেট ছিল ৮৮ হাজার ১৬৩ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষার জন্য ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। বিদায়ী অর্থবছরে প্রাথমিক শিক্ষায় বাজেট ছিল ৩৪ হাজার ৭২২ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ ৪৪ হাজার ১০৮ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৪২ হাজার ৮৩৯ কোটি টাকা। এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় ১১ হাজার ৭৮৩ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরে ছিল ১০ হাজার ৬০২ কোটি টাকা।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন ‘দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে দেশের ১০৪টি উপজেলায় ২৭ লাখের বেশি শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং কার্যক্রম শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের ১৫০টি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং কর্মসূচি’ চালুর লক্ষ্যে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়া স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য হুইল চেয়ার, ক্র্যাচ, শ্রবণযন্ত্র ইত্যাদি ক্রয় ও বিতরণ করা হচ্ছে এবং তাদের শ্রেণীকক্ষে প্রবেশের সুবিধার্থে প্রাথমিক বিদ্যালয়গুলোয় র্যাম্প নির্মাণ করা হচ্ছে।





