অন্তর্বর্তী সরকার চাইলে উন্নয়ন বাজেট (এডিপি) পর্যালোচনা করতে পারে। এর পুরোটাই ঋণনির্ভর। তাই এডিপি নতুন করে ঠিক করা দরকার। আমাদের বৈদেশিক ঋণের দায়-দেনা বাড়ছে। তাই নতুন করে বড় কোনো অবকাঠামো প্রকল্পে হাত না দেয়াই ভালো হবে। চলমান এবং শেষ পর্যায়ে থাকা প্রকল্পগুলো দ্রুত শেষ করতে হবে। আর নতুন কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে। 

নতুন করে বিনিয়োগ, বিশেষ করে বিদেশী বিনিয়োগ নিয়ে ভাবতে হবে। দেশে বড় একটি ব্যবসায়ী গোষ্ঠী তৈরি হয়েছিল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে কিছুটা সমস্যা হবে। সেক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে। নতুন প্লেয়ারদের সুযোগ করে দিতে হবে। আমদানি বাজারে নির্দিষ্ট কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল। এখানে প্রতিযোগিতামূলক একটা পরিবেশ তৈরি করতে হবে, যেন ব্যবসার সুষ্ঠু পরিবেশ তৈরি হয়।

সরকার এরই মধ্যে চাঁদাবাজি নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে। তবে বাজার ব্যবস্থাপনাও ভালোভাবে দেখতে হবে। সিদ্ধান্ত নিতে হবে প্রকৃত তথ্য-উপাত্তের ভিত্তিতে। উৎপাদন কত হয়েছে আর আমদানি কী পরিমাণ করতে হবে, সে বিষয়ে আগাম তথ্য জানাতে হবে।

—সম্মাননীয় ফেলো, সিপিডি