বর্তমান এ অস্থির সময়ে সরকারকে বাস্তবধর্মী ও কঠিন পদক্ষেপ নিতে হবে। আমাদের ব্যাংক খাত ও রাজস্ব ব্যবস্থাপনার ক্ষেত্রে সমস্যা আছে। বাজেটের আকার, বাস্তবায়ন ও দক্ষতার বিষয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে বাস্তবায়ন করা কেন সম্ভব হচ্ছে না সেটি নিয়ে কিন্তু কখনো তদন্ত করা হয়নি। অনেক ধরনের সংস্কারই করা প্রয়োজন। আর্থিক খাতের সঙ্গে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও অর্থ মন্ত্রণালয় এগুলোয় পদ্ধতিগতভাবে হাত দিতে হবে। এক্ষেত্রে যোগ্য ও দক্ষ নেতৃত্বকে দায়িত্ব দিতে হবে। আইন-কানুন ও বিধি-বিধানের ক্ষেত্রেও পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোন কোন বিষয়ে তারা সংস্কার করতে চায় সেটি সুনির্দিষ্ট করে ঘোষণা দিতে হবে। ঘোষণা দেয়ার পর সংস্কারের কাজ দ্রুত শুরু করে দিতে হবে।
—অর্থনীতিবিদ ও সাবেক মহাপরিচালক, বিআইডিএস





