খাদ্য ও পণ্য সরবরাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। খাবার না পেলে ১০ দিন পরই মানুষ আবার পথে নামবে। মানুষ তারুণ্য দেখবে না, খাবার চাইবে। তাই সামনের আমন ও বোরো উৎপাদনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ঐতিহাসিকভাবেই আমাদের দেশে আমনের উৎপাদন ব্যাহত হলে খাদ্য সংকট দেখা দেয়। আর এটা ছাড়া আগামী ছয় মাস কোনো ফসল নেই।
এবার পর্যাপ্ত বৃষ্টিও হয়নি। তাই উৎপাদন কেমন হবে, তা বোঝা যাচ্ছে না। বৃষ্টি কম হওয়ায় বোরোর ওপর চাপ পড়তে পারে। উৎপাদনশীলতা বাড়াতে কৃষিবিজ্ঞানীদের সঙ্গে বসতে হবে। গবেষণা সংস্থা ও সংশ্লিষ্ট এনজিওর সঙ্গেও বসতে হবে; সারের ডিলারদের সঙ্গে বসতে হবে। সারের মজুদ কতটা আছে, হিসাব রাখতে হবে। আমদানির সিদ্ধান্ত নিতে হবে রিজার্ভের সঙ্গে সংগতি রেখে। কৃষি উৎপাদন ব্যর্থ হলে আগামী ডিসেম্বর-জানুয়ারিতেই বড় সমস্যা দেখা দিতে পারে দেশে। কৃষিতে নতুন উপদেষ্টা ও সচিব এসেছেন। তাদের কিছুটা সময় দিতে হবে।
—সাবেক গবেষণা পরিচালক, বিআইডিএস





