আশির দশকের স্বাধীনতা-উত্তর বাংলাদেশে যে কয়েকটি প্রতিষ্ঠান দেশের ইলেকট্রনিকস শিল্পের উন্নয়নে ভূমিকা রেখেছে, ইলেক্ট্রো মার্ট লিমিটেড তার অন্যতম। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে এ দেশের বাজারে নানা বিশ্বখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স পণ্য বাজারজাত করে প্রতিষ্ঠানটি তাদের সুনাম অক্ষুণ্ন রেখে চলেছে। আশির দশকের শুরুর দিকে যাত্রা করা এ প্রতিষ্ঠান ১৯৯৯ সালে কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে। কোম্পানিটির বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বণিক বার্তার সঙ্গে আলোচনা করেন ইলেক্ট্রো মার্টের ডিরেক্টর মো. নুরুল আফসার।

কোম্পানির শুরুর দিকের ব্যবসার বিষয়ে তিনি বলেন, শুরুতেই ইলেক্ট্রো মার্ট চীনের বিশ্বখ্যাত কনকা ব্র্যান্ডের বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য বাজারে নিয়ে আসে। গুণগত মান, অত্যাধুনিক

প্রযুক্তি, সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা ও সর্বোপরি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের কারণে কনকা পণ্য অতিদ্রুত বাংলাদেশের বাজার দখল করে ইলেকট্রনিকস পণ্যের বাজারে এক বৈপ্লবিক পরিবর্তন সূচনা করে, ফলে বিলাসী পণ্যের কাতারে থাকা এসব সামগ্রী দেশের আপামর জনসাধারণের নিত্যব্যবহার্য অপরিহার্য পণ্যে পরিণত হয়। পর্যায়ক্রমে ইলেক্ট্রো মার্ট বাজারে আনে কনকা রেফ্রিজারেটর, গ্রি এসিসহ আরো নানা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্যসামগ্রী, যা অচিরেই এ দেশের ভোক্তাদের মন জয় করতে সমর্থ হয়। গতানুগতিক বাজার কৌশলকে পাশ কাটিয়ে ইলেক্ট্রো মার্ট ‘সবার আগে ভোক্তা’ নীতির কারণে ইলেক্ট্রো মার্ট ও এর পরিবেশিত কনকা, গ্রি, হাইকো, দাইকিন ইত্যাদি ব্র্যান্ডের পণ্য এখন দেশের আনাচে-কানাচে সবার ঘরে ঘরে।

আলোচনাকালে তিনি প্রতিষ্ঠানের বাজারজাত নীতি, দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন। তিনি জানান, ‘সাশ্রয়ী মূল্যে গুণগত মানসম্পন্ন পণ্য’—এ নীতির আলোকে ইলেক্ট্রো মার্ট তাদের সব কার্যক্রম পরিচালনা করে। আর তাই গুণগত মান ও বিক্রয়োত্তর সেবার ব্যাপারে কোনো ধরনের আপস না করেই ইলেক্ট্রো মার্ট তাদের পরিবেশিত এসব পণ্য চার দশকেরও বেশি সময় ধরে বাজারজাত করে আসছে। চীনের শীর্ষস্থানীয় কনকা ব্র্যান্ডের রেফ্রিজারেটর ও ফ্রিজার এ দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। দেশের ক্রেতাদের চাহিদা ও পাশাপাশি ক্রমবর্ধমান বাজারের কথা মাথায় রেখে ইলেক্ট্রো মার্ট চীনের কনকা গ্রুপ কোং লি.-এর সঙ্গে যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয় স্থাপন করেছে ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লি. নামের সর্বাধুনিক প্রযুক্তির রেফ্রিজারেটর ও ফ্রিজার ফ্যাক্টরি, যাতে অচিরে শুরু হবে কনকা ব্র্যান্ডের বিভিন্ন আকর্ষণীয় মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজারের বাণিজ্যিক উৎপাদন। 

আধুনিক প্রযুক্তি নিয়ে তিনি বলেন, এ দেশের ক্রেতাদের চাহিদা বিবেচনায় নতুন এ পণ্যসম্ভার আধুনিক প্রযুক্তি দিয়ে সাজানো হয়েছে। এতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে এ পণ্যগুলোকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হয়েছে, যাতে রয়েছে কপার কনডেন্সার, স্মার্ট কম্প্রেসর টেকনোলজি, অ্যাকটিভেটেড কার্বন ডিওডোরাইজার, ওয়াইড ভেন্টিলেশন সিস্টেমসহ আরো নানা অত্যাধুনিক ফিচার, যা খাবারকে রাখবে স্বাস্থ্যসম্মত ও শতভাগ সংক্রমণ ঝুঁকিমুক্ত এবং একই সঙ্গে এ পণ্যগুলো অত্যন্ত বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব। এ দেশের পারিপার্শ্বিক অবস্থার কথা বিবেচনা করে এ পণ্যগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ ছাড়াই এতে সংরক্ষিত খাবারের গুণগত মান থাকবে অক্ষুণ্ন।

ক্রেতাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে ইলেক্ট্রো মার্ট বাজারে ইলেকট্রনিকস পণ্য আনবে উল্লেখ করে তিনি বলেন, ইলেক্ট্রো মার্ট তাদের উৎপাদিত এসব পণ্য বাজারে আনবে অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে, যাতে তা দেশের সব ক্রেতাদের জন্য সহজলভ্য হয়। কারণ ইলেক্ট্রো মার্ট দেশের সব শ্রেণীর ক্রেতাদের ঘরে ঘরে পৌঁছে যেতে চায় এবং তাই তাদের পণ্যসম্ভারে রয়েছে সবার পছন্দ ও চাহিদা অনুযায়ী নানা ডিজাইন ও প্রযুক্তির হরেক পণ্য, যা থেকে সব ধরনের ক্রেতা তার প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে পাবেন।

তিনি বলেন, আমাদের ফ্যাক্টরিতে যুক্ত হবে এয়ার কন্ডিশনার, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ওভেন, রাইসকুকারসহ অন্য সব ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স পণ্যের ম্যানুফ্যাকচারিং প্লান্ট এবং ২০২৫ সালের মধ্যে ইলেক্ট্রো মার্ট দেশের অন্যতম হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে দেশের চাহিদা পূরণ করে বিদেশে এসব পণ্য রফতানির লক্ষ্যমাত্রা ও পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।

আরো পড়ুন-

>> রেফ্রিজারেটরের বাজার ৫ হাজার কোটি টাকার
>> রেফ্রিজারেটরের যত্নআত্তি
>> ক্রেডিট কার্ডের কারণে কনজিউমার ইলেকট্রনিকসের বিক্রি বেড়েছে
>> সেরা দামে গুণগত মানসম্পন্ন পণ্যের পাশাপাশি ক্রেতাদের উন্নত সেবা দিচ্ছে ওয়ালটন 
>> ১৫% হারে বাড়ছে ফ্রিজের বাজার 
>> ২০২৫ সালে ইলেক্ট্রো মার্ট হবে দেশের অন্যতম হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী প্রতিষ্ঠান