অধ্যাপক রওনক জাহানের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার আগেই আমি তাঁর সম্পর্কে শুনেছি। আমি যখন শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করি রওনকের বড় বোন রওশন জাহান তখন এখানে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত। রওশনের কাছ থেকে শুনলাম যে তার ছোট বোনও আমেরিকায় পড়তে আসার পরিকল্পনা করছে। তখন আমি স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলাম তিনিও শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবেন। তাই আমি যখন শুনলাম যে রওনক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিন্তা করছে, যদিও এটি একটি নামকরা প্রতিষ্ঠান, তখন আমি কিঞ্চিৎ মনঃক্ষুণ্ন হয়েছিলাম।

ষাটের দশক থেকে রওনক একজন নেতৃস্থানীয় ব্যক্তি হয়ে ওঠেন পাকিস্তানের রাজনীতি ও সমাজের বিশ্লেষণের ক্ষেত্রে। হার্ভার্ডে তার পিএইচডির গবেষণা ছিল পাকিস্তান রাষ্ট্রের এক জাতি তৈরি করার প্রচেষ্টা। ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মের পর ‘নিউ নেশন’-এর সমাজ ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ঔপনিবেশিক ভারত বিভাজনের ছেড়ে যাওয়া পাকিস্তানের দুই অংশের পরিস্থিতির দ্বারা জর্জরিত ছিল। তাছাড়া একটি রাষ্ট্রের ডানার নিচে থাকলেও দুটি ভূখণ্ডের মধ্যকার দূরত্ব ছিল হাজার মাইল। তিনি স্পষ্টভাবে দেখতে পেয়েছিলেন যে জাতীয় সংহতির জন্য যৌথ ঔপনিবেশিক ইতিহাস এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট নয়। এছাড়া তিনি পাকিস্তান-উত্তর সময় ও আইয়ুব খানের যুগে সমতা ও সংহতির জন্য গৃহীত পদক্ষেপগুলো বিশ্লেষণ করেছিলেন। ডক্টরেট শেষ করে যখন পূর্ব পাকিস্তানে তার একাডেমিক কর্মজীবনে তিনি ফিরে আসেন, তার কিছুদিনের মধ্যেই জাতীয় সংহতির সমস্যাটি প্রকট আকার ধারণ করে।

পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তান শাসনের বিরোধিতাকারীদের পাশাপাশি বাংলার যে বুদ্ধিজীবীরা পাকিস্তানি সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন তাদের মধ্যে রওনকও ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যারা তার সহকর্মী ছিলাম তারা এটা ভেবে স্বস্তি বোধ করেছিলাম যে রওনক ওখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন, যদিও এখানে অবস্থান করেও তিনি সবসময় দেশের জন্য উদ্বিগ্ন হয়ে থাকতেন। সে সময় তাঁর উপস্থিতি আমাদের ব্যক্তিক ও বৌদ্ধিক তৃপ্তি দিয়েছে। তবে দূর থেকে বাংলাদেশের ওপর নেমে আসা ভয়াবহতাগুলো দেখার বিষয়টি ছিল সত্যিই ভীষণ কষ্টকর।

ষাটের দশকের শেষের দিকে অধ্যাপক রওনক জাহান পাকিস্তানের জাতীয় সংহতির ব্যর্থতা সম্পর্কে যে বাস্তবতাগুলো তুলে ধরেছিলেন তা তখন ‘নিউ নেশন’-এর রাজনীতি বিশ্লেষণে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ অবদান রাখে। ১৯৭১ সালে নতুন একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যাত্রাটা মোটেও মসৃণ ছিল না। তবে এটি এমন একটি দেশ যা বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়ার পাশাপাশি ক্রমবর্ধমান সাফল্য অর্জন করেছে—একটি বহুধর্মীয় রাষ্ট্রে ইসলামের ভূমিকা, দরিদ্র গ্রামীণ জনসংখ্যা, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য দেশটির সমাজবিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে—যাদের মধ্যে অধ্যাপক রওনক জাহান একজন অনুকরণীয় মডেল।

 

ড. রালফ ডব্লিউ নিকোলাস: উইলিয়াম রেইনি হার্পার, প্রফেসর ইমেরিটাস, শিকাগো বিশ্ববিদ্যালয়